মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি বেলি ও টগরের ঘরে জন্ম হয়েছে চারটি বাচ্চার। এর মধ্যে তিনটির গায়ের রং সাদার ওপর কালো ডোরাকাটা। অপর বাচ্চাটির গায়ের রং হালকা হলুদ ও সাদার মিশেলে কালো দাগযুক্ত।
বিষয়টি নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।
তিনি জানান, প্রায় আড়াই মাস আগে ৪ জানুয়ারি বাঘিনী বেলি এই চারটি বাচ্চা জন্ম দেয়। জন্মের পর থেকেই সবকটি বাচ্চা সুস্থ ও সবল রয়েছে। চিড়িয়াখানার ইতিহাসে এটাই প্রথম কোনো বাঘিনীর একসঙ্গে চারটি বাচ্চা প্রসবের ঘটনা।
এর আগে ২০২২ সালের ৫ এপ্রিল জুঁই, জবা ও রঙ্গন নামে তিনটি বাচ্চা জন্ম দিয়েছিল বেলি-টগর দম্পতি।
এর মধ্যে জুঁই ছিল সাদা। জাতীয় চিড়িয়াখানায় এটিই ছিল প্রথম কোনো সাদা বাঘের জন্ম। ছোট্ট জুঁই একসময় বড় হয়, ২০২৫ সালের ২৬ ডিসেম্বর মিলনের সময় পুরুষ বাঘের কামড়ে মৃত্যু হয় জুঁইয়ের।
এছাড়া বেলি-টগর দম্পতি আরও দুবার দুটি করে বাচ্চার জন্ম দেয়। ২০১৭ সালের ৯ নভেম্বর জন্ম নেওয়া বেলি প্রথম বাচ্চা দেয় ২০২১ সালের ২৫ মে।
এবার বেলির চার বাচ্চার নাম ও লিঙ্গ এখনো নির্ধারণ করেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মা বেলি ও বাচ্চাদের সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাঘ কী কারণে সাদা হয়? অ্যালবিনো নাকি লিউসিজম
বেলি-টগরের চার বাচ্চার ৩টিই সাদা। এদেরকে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে চিড়িয়াখানার ভাষ্য অনুযায়ী অ্যালবিনো বলা হচ্ছে। তবে বিস্তারিত অনুসন্ধান ও গবেষণা তথ্য বলছে সাদাবাঘ মানেই অ্যালবিনো নয়।
সাদা বাঘ অ্যালবিনো (Albino) নয়। বেশিরভাগ সাদা বাঘ আসলে লিউসিজম (Leucism) নামক একটি জিনের পরিবর্তনের কারণে সাদা হয়। এদের শরীরে পিগমেন্টেশনের অভাব থাকলেও, অ্যালবিনো প্রাণীদের মতো সম্পূর্ণ সাদা নয়, বরং হালকা কালো বা বাদামী ডোরাকাটা দাগ থাকে এবং চোখ সাধারণত নীল হয়।

জানা যাক বিস্তারিত:
লিউসিজম (Leucism): এটি একটি রঞ্জক পদার্থের অভাবজনিত অবস্থা, যা সাদা বাঘের পশমের রঙ সাদা করে কিন্তু তাদের চোখ সাধারণত নীল হয়।
অ্যালবিনিজম (Albinism): এটি একটি জন্মগত ব্যাধি, যেখানে পিগমেন্ট সম্পূর্ণ অনুপস্থিত থাকে। সত্যিকারের অ্যালবিনো বাঘের চোখ গোলাপি বা লালচে হয়।
প্রজাতি: সাদা বাঘ মূলত বেঙ্গল টাইগারের (Bengal tiger) একটি বিরল রঙের রূপভেদ, আলাদা কোনো প্রজাতি নয় ।
প্রকৃতপক্ষে, সাদা বাঘের সাদা হওয়ার কারণ জিনেটিক মিউটেশন, যা তাদের চর্ম ও পশমের রঙ হলুদ থেকে সাদা করে দেয়।
প্রকৃতিবার্তা ডেস্ক 










