ইরানের ইস্পাহান শহরে ৯০০ কেজি ওজনের বাঙ্কার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। ওয়াল স্ট্রিট জার্নালের দেওয়া উদ্ধৃতিতে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার ভোররাতে ইস্পাহানের এক গুরুত্বপূর্ণ অস্ত্র গুদামে হামলাটি চালানো হয়, এ হামলায় ২০০০ পাউন্ড (প্রায় ৯০৭ কেজি) ওজনের বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করা হয়।
ওই কর্মকর্তা বলেন, “এ হামলায় বিপুল সংখ্যক বাঙ্কার বাস্টার ব্যবহার করা হয়েছে।”
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বিশাল এক বিস্ফোরণ ঘটছে, এমন একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা গেছে, পরপর ধারাবাহিক কয়েকটি বিস্ফোরণ ঘটছে, এরপর বিশাল আগুনের লকলকে শিখায় রাতের আকাশ আলোকিত হয়ে যায়।
ট্রাম্প ভিডিওর সঙ্গে কোনো তথ্য যোগ করেননি। কিন্তু গণমাধ্যমের খবরগুলোতে দাবি করা হয়েছে, এটি ইস্পাহানের অস্ত্রগুদামে চালানো মার্কিন, ইসরায়েলি যৌথ হামলার ভিডিও।
২৩ লাখ বাসিন্দার ইস্পাহান শহরটি মধ্যযুগের বিভিন্ন ইরানি স্থাপনার নিদর্শনের জন্য বিখ্যাত। কৌশলগত দিক থেকেও এ শহরটি খুব গুরুত্বপূর্ণ। ইরানের পরমাণু প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এ শহরটিতে। এছাড়াও এ শহরে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বদর এয়ারবেইস রয়েছে।
প্রত্যক্ষ্যদর্শীদের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বিমান বাহিনীর হামলায় অস্ত্রাগারটিতে আগুন ধরে যায় এবং সংলগ্ন কিছু এলাকায় সেই আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া হামলার সময় বিস্ফোরণের শব্দে গোটা শহর কেঁপে উঠেছিল বলেও জানা গেছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















