২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করার পর থেকে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে টানা ৩১তম দিনের মতো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা হামলায় হতাহতের ঘটনা ঘটছে প্রতিদিন। যুদ্ধে ইরান, লেবানন, ইরাক, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং আক্রমণকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিহতদের সংখ্যা প্রকাশ করেছে আল জাজিরা। সেই প্রতিবেদন থেকে নিহতের দেশওয়ারি সংখ্যা তুলে ধরা হলো:
ইরান
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় অন্তত ১,৯৩৭ জন নিহত হয়েছেন। নিহতদের বয়স আট মাস থেকে ৮৮ বছরের মধ্যে। এছাড়া নিহতদের মধ্যে ২৪০ জন নারী ও ২১২ জন শিশু রয়েছে।
প্রায় ৪,০০০ জন নারী ও ১,৬২১ জন শিশুসহ ২৪,৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
ইসরায়েল
অন্তত ২০ জন ইসরায়েলি নিহত এবং ৬,০০৮ জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় ইসরায়েলিদের “সতর্কতার সাথে” বোমা আশ্রয়কেন্দ্রে দ্রুত যাওয়ার আহ্বান জানিয়েছে এবং উল্লেখ করেছে যে, আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথেও মানুষ আহত হয়েছেন।
সেনাবাহিনীর ভাষ্যমতে, ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ২৬১ জন সৈন্য আহত হয়েছেন।
যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক বাহিনী ইরানি হামলায় ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এছাড়াও, কুয়েতে একজন সেনা সদস্য ‘স্বাস্থ্যজনিত কারণে’ মারা গেছেন। ১৩ মার্চ, মার্কিন সেন্টকম জানায়, পশ্চিম ইরাকে একটি মার্কিন জ্বালানি সরবরাহকারী বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন ক্রু সদস্যই নিহত হন।
লেবানন
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী,ইরানে আক্রমণের সঙ্গে ইসরায়েল দেশটিতে পুনরায় ব্যাপক হামলা শুরু করার পর থেকে নিহত মানুষের সংখ্যা এখন ১,২৩৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১২৪ জন শিশু রয়েছে।
এছাড়াও, অন্তত ৩,৫৪৩ জন আহত হয়েছেন।
ইরাক
ইরাকি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, অন্তত ১০০ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই আধাসামরিক গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর সদস্য ছিলেন।
সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান, নেপাল, ফিলিস্তিন, ভারত ও বাংলাদেশের নাগরিকসহ অন্তত এগারো জন নিহত এবং আরও ১৭৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।
বাহরাইন
ইরানের ক্ষেপণাস্ত্র বাহরাইনের জুফায়ের এলাকায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তরকে একাধিকবার লক্ষ্যবস্তু করেছে।
অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ২ মার্চ সালমান শিল্প শহরে রক্ষণাবেক্ষণাধীন একটি বিদেশি জাহাজের ওপর প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়লে একজন এশীয় কর্মী নিহত হন।
দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১০ মার্চ বাহরাইনের রাজধানী মানামায় একটি আবাসিক ভবনে হামলায় ২৯ বছর বয়সী এক নারী নিহত এবং আটজন আহত হয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ২৪ মার্চ জানিয়েছে যে, বাহরাইনে ইরানের হামলায় তাদের একজন বেসামরিক ঠিকাদার নিহত হয়েছেন। মন্ত্রণালয় নিহত ঠিকাদারকে মরক্কোর নাগরিক হিসেবে শনাক্ত করেছে।
কুয়েত
৪ মার্চ, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশের আঘাতে এক কিশোরীর মৃত্যুর খবর জানায়। ৮ মার্চ, কুয়েতের দমকল বাহিনী জানায় যে তাদের দুজন কর্মকর্তা “কর্তব্য পালনকালে” নিহত হয়েছেন। এক্স-এ প্রকাশিত বিবৃতিতে তাদের মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। ৩০ মার্চ একটি বিদ্যুৎ ও লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রে ইরানি হামলায় একজন ভারতীয় শ্রমিক নিহত হন।
ওমান
১লা মার্চ, ওমান নিউজ এজেন্সি একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানায়, দুটি ড্রোন দুকম বন্দরকে লক্ষ্য করে হামলা চালায়, এতে একজন বিদেশি কর্মী আহত হন। পরে, ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, ওমানের মুসান্দাম গভর্নরেট থেকে প্রায় ৫ নটিক্যাল মাইল (৯ কিমি) দূরে পালাউয়ের পতাকাবাহী একটি তেল ট্যাংকারে হামলা চালানো হয়, এতে চারজন আহত হন। ওমানের সোহারে একটি ড্রোন ভূপাতিত করার ঘটনায় দুজন নিহত হন।
সৌদি আরব
সৌদি আরব জানিয়েছে, আল খারজ প্রদেশের একটি আবাসিক এলাকায় নিক্ষিপ্ত বস্তুকণার আঘাতে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১২ জন ওই প্রদেশের বাসিন্দা।
এসব দেশ ছাড়াও চলমান যুদ্ধে কাতারে ১৬ জন, জর্ডানে ২৯ জন আহত হয়েছেন।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















