ত্রয়োদশ জাতীয় সংসদে দলের জন্য নির্ধারিত ৩৬ সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে বিএনপি।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ প্রার্থী তালিকা ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে গতকাল রোববার চূড়ান্ত প্রার্থী তালিকায় স্বাক্ষর করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে ১২ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাই নিয়ে কোনো আপত্তি থাকলে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর সেই আপিল নিষ্পত্তি করা হবে ২৭ ও ২৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল। এরপর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
আসন বণ্টনে বিএনপি জোট ৩৬টি, জামায়াতে ইসলাম জোট ১৩টি, স্বতন্ত্ররা মিলে পাচ্ছে একটি আসন।
তবে অতীত অভিজ্ঞতা বলছে, রাজনৈতিক দলগুলো সাধারণত অতিরিক্ত প্রার্থী মনোনয়ন না দেওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ আগামী ২৯ এপ্রিলই প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তখন আর ১২ মে পর্যন্ত অপেক্ষার প্রয়োজন হবে না। নবনির্বাচিত সংরক্ষিত নারী আসনের সদস্যরা শপথ নিয়ে আগামী ৩০ এপ্রিল চলতি অধিবেশনের শেষ দিনে যোগ দিতে পারেন বলে সংশ্লিষ্টদের একটি সূত্র জানিয়েছে।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















