রাজধানী ঢাকাসহ অন্তত ১০ জেলায় গতকাল সোমবার মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে এবং তাপপ্রবাহের এলাকা বিস্তৃত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি অন্তত আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে। ২৫ ও ২৬ এপ্রিলের দিকে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র পর্যায়ে পৌঁছাতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একাধিক জেলায় একই দিনে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে।
গতকাল যে ১০ জেলায় তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে তার মধ্যে যশোর ও সিরাজগঞ্জে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ফরিদপুরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি; চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পাবনায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি, রাঙামাটিতে ৩৬ দশমিক ৩ ডিগ্রি, ঢাকায় ৩৬ দশমিক ২ ডিগ্রি এবং খুলনায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা আরও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, কোনো স্থানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি হলে মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি হলে তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















