জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ অনুভূত হয়েছে। বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা একিউআই (AQI)-এর তথ্য অনুযায়ী, গত ২৭ এপ্রিল বিশ্বের সবচেয়ে গরম ৫০টি শহরের তালিকায় সবকটিই ছিল ভারতের। আধুনিক ইতিহাসে এর কোনো নজির নেই।
উত্তর প্রদেশের বান্দা শহরটি বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থান হিসেবে রেকর্ড করা হয়েছে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল প্রায় ৪৬.২° সেলসিয়াসে। এমনকি ভোরেও সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় ৩৪.৭° সেলসিয়াস।
ওইদিন ভারতের ৫০টি শহরের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৪৪.৭° সেলসিয়াস।
গবেষকদের মতে, সামনের দিনগুলোতে আর্দ্রতাসহ গরমের অনুভূতি বা হিট ইনডেক্স ৫০° থেকে ৬০° সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে!
বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা এভাবে বাড়তে থাকলে ২০৫০ সালের মধ্যে তা মানুষের টিকে থাকার সক্ষমতা বা ‘বেঁচে থাকার সীমা’ অতিক্রম করতে পারে। এতে শিশু, বৃদ্ধ ও শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
২০২৬ সালে স্বাভাবিকের চেয়ে কম বর্ষার পূর্বাভাস এবং ‘এল নিনো’র প্রভাবে দেশজুড়ে তীব্র খরা ও খাদ্য উৎপাদনের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে প্রচণ্ড গরমে এসির চাহিদা বাড়লেও ইরান যুদ্ধের কারণে তেল সরবরাহ কম থাকায় দেশটিতে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
আবহাওয়াবিদদের মতে, ভারতের মধ্য ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সামনে আরও তীব্র তাপপ্রবাহ আঘাত হানার উচ্চ ঝুঁকি রয়েছে।
নিজস্ব সংবাদ : 



















