দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজারের আকাশে আজ পবিত্র জিলহজ মাসের চাঁদ সুনির্দিষ্টভাবে দেখা গেছে।
ধর্মীয় এই হিসাব অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (১৯ মে) থেকে দেশে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ১০ জিলহজ অর্থাৎ ২৮ মে সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















