দাম্পত্য জীবনে ঝগড়া হওয়া স্বাভাবিক। এটি সম্পর্কে নতুন অভিজ্ঞতা এবং বোঝাপড়ার জন্ম দেয়। কিন্তু ঝগড়ার পর সম্পর্ক পুনরুদ্ধার করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া প্রয়োজন। ঝগড়ার পরবর্তী মুহূর্তগুলো খুবই স্পর্শকাতর। তাই ঝগড়া পরবর্তী সময়ে দুটি পক্ষকেই সাবধানতার সাথে আচরণ করতে হয়।
কিছু সময় নিন
ঝগড়া মিটতেই দ্রুত সবকিছু ঠিক করার চেষ্টা করবেন না। কিছু সময় নিন, মাথা ঠান্ডা করুন এবং নিজেদের ব্যাপারে ভাবুন। কেন ঝগড়া হলো এবং কীভাবে এটি এড়ানো যেত—এসব নিয়ে চিন্তা করুন। কারণ প্রতিটি ঝগড়াই ভবিষ্যতের জন্য একটি শিক্ষা। কিছুটা সময় নিলে ঝগড়ার প্রভাব কমে যাবে এবং সমাধান সহজ হবে।
মুখ দেখা বন্ধ করবেন না
ঝগড়ার কারণে মুখ দেখা বন্ধ করবেন না। নিজেকে শান্ত করে কথা বলা শুরু করুন। ঝগড়ার পর কথায় কিছুটা রুক্ষতা থাকতে পারে, তবুও কথা বন্ধ করে বসে থাকার মানে নেই।
কথা বলুন ও শুনুন
প্রথমে নিজেদের শান্ত করুন। রাগের মাথায় অনেক কথা বলা হয়ে যায়। শান্ত হয়ে বসুন এবং নিজেদের কথা বলুন ও শুনুন। এতে করে মনোমালিন্য দূর হবে।
ক্ষমা চান এবং ক্ষমা করুন
এক হাতে তালি বাজে না। ঝগড়া শেষ হলে দুজনই একে অপরের কাছে ক্ষমা চান। ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা সম্পর্ককে মজবুত করে।
ঝগড়ার কথা বাইরে বলবেন না
ঝগড়ার পর পরিচিত মানুষদের কাছে সেই গল্প বলে বেড়ানোর প্রয়োজন নেই। এটি সম্পর্কে তৃতীয় ব্যক্তির নাক গলানোর সুযোগ সৃষ্টি করতে পারে। তাই সম্পর্কের খুঁটিনাটি নিজেদের কাছেই রাখুন।
পুরোনো বিষয় তুলে আনবেন না
ঝগড়ার সময় পুরোনো ঘটনা সামনে এনে নতুন ঝগড়া তৈরি করবেন না। পুরোনো ঘটনার মীমাংসা করে থাকলে সেটিকে আর সামনে আনবেন না।
অপমানজনক মন্তব্য থেকে বিরত থাকুন
ঝগড়ার সময় রাগের মাথায় অপমানজনক কথা বলা থেকে বিরত থাকুন। সঙ্গী বা তাঁর পরিবারকে টেনে অপমান করা, মনে আঘাত দেওয়া কথা বলা বা দুর্ব্যবহার করা উচিত নয়।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
শাহিন মাহফুজ 




















