কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চরম সহিংস পরিস্থিতিতে কারফিউ জারি ও ৩ দিনের সাধারণ ছুটির পর আজ বুধবার ফের চেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। সরকারি-বেসরকারি অফিস খুলেছে, কাজ চলবে বেলা ১১ টা থেকে ৩টা পর্যন্ত। এই নির্ধারিত সময়ে অর্থাৎ ৪ ঘণ্টা দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোও খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়েই চলবে ব্যাংকের কার্যক্রম। এদিকে সারাদেশের সঙ্গে রাজধানীর বাস চলাচল ফের চালু হচ্ছে আজ থেকে। তবে ট্রেনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি।
বুধবার অফিস শুরুর দিন সকাল থেকেই রাজধানীর রাস্তায় গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। বিরতির পর ঢাকার রাস্তায় আজ গাড়ির চাপ বেশি হওয়ায় কিছু এলাকায় সাময়িক ধীরগতিও দেখা গেছে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে সরকার সারাদেশে কারফিউ জারির পর গত কয়েকদিন দেশের সড়ক-মহাসড়কগুলো ছিল ফাঁকা। ঢাকায় দেখা যায়নি কোনো গণপরিবহন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ।
এদিকে মঙ্গলবার রাত থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট। পর্যায়ক্রমে সারাদেশে সব এলাকায় ধীরে ধীরে ইন্টারনেট পরিষেবা চালু হবে বলে জানা গেছে।
ডেস্ক রিপোর্ট 










