কয়েকদিন ধরেই আরব সাগরে নিম্নচাপ বিরাজ করছে। এর প্রভাবে ভারতের কেরালায় শুরু হয় ভারী বৃষ্টি। প্রবল বর্ষণের কারণে ভূমিধস ও আকস্মিক ঢলে এখন পর্যন্ত কেরালায় কয়েকটি এলাকায় ৫৪ জনের প্রাণহানির খবর এসেছে। রাত দুইটা থেকে চারটার মধ্যে এই ধস নামে। ওয়ানাড়ের মেপ্পাডির কাছে পাহাড়ি এলাকায় বড় ধরনের ক্ষতি হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মুন্ডাকাই ও চোরালমালা এলাকা। ভয়াবহ ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্গত মানুষদের হেলিকপ্টারে করে উদ্ধারের চেষ্টা করছে ভারতীয় নৌ ও সেনাবাহিনী। আদতে কতজন মারা গেছে কতজন নিখোঁজ সেই সংখ্যা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘটনার পর সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, ‘ওয়ানাড়ের একাংশে ধসের খবরে আমি মর্মাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন, আমি তাদের জন্য প্রার্থনা করছি। বর্তমানে উদ্ধারকাজ চলছে। আমি কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নের সঙ্গে কথা বলেছি। তাকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি।’
প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, মৃতদের পরিবারগুলোকে দুই লাখ ও আহতদের ৫০ হাজার করে টাকা দেওয়া হবে।
এবার লোকসভা নির্বাচনে রায়বেরিলির পাশাপাশি ওয়ানাড় থেকেও জিতেছিলেন রাহুল গান্ধী। পরে তিনি ওয়ানাড় ছেড়ে দেন। তার বোন প্রিয়াংকা গান্ধী সেখানে প্রার্থী হবেন বলে জানিয়েছিলেন রাহুল।

ধসের খবর পাওয়ার পর এক্স-এ রাহুল বলেছেন, এই ঘটনায় তিনি শোকাহত। যে মানুষরা প্রাণ হারালেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাহুল। যারা আটকে পড়েছেন, তারা শীঘ্রই নিরাপদ জায়গায় যেতে পারবেন বলে রাহুল আশাপ্রকাশ করেছেন।
রাহুল জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। রাহুল বলেছেন, ‘আমি তাদের অনুরোধ করেছি, তারা যেন সবকটি এজেন্সির সঙ্গে সমন্বয় করেন, একটা কন্ট্রোল রুম খোলেন এবং ত্রাণকাজ চালিয়ে যান।’
ডেস্ক রিপোর্ট 










