মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে আলোচনার কেন্দ্রে ছিল একটি ছাগল। ১৫ লাখের সেই ছাগল গেল কোরবানির ঈদের হাঁটে শুরুতে সম্ভ্রান্ত ক্রেতাদের নজর কেড়েছিল,জন্ম দিয়েছিল প্রবল সমালোচনার। বিটল জাতের ওই ছাগল হাঁটে এনে মালিকপক্ষ দাবি করেছিল ছাগলটি উচ্চবংশীয় বলেই এত দাম। ছাগলের বংশ আর দাম নিয়ে দেশে হাস্যরস হলেও বিশ্বে এমন একটি দেশ আছে যেখানে এই ছাগলটির মতো দেখতে লাদুম নামে একপ্রকার ভেড়া প্রজাতি রীতিমতো সম্ভ্রান্তদের সম্পদ হিসেবে বিবেচিত। আকারে বিটল জাতের চেয়ে বড় এবং বর্ণে সাদা-কালোর মিশ্রণযুক্ত লাদুম ভেড়া সেনেগালের সমাজে সম্ভ্রান্তদের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

প্রশ্ন করতে পারেন একটি ভেড়া আবার কিভাবে সম্ভ্রান্তদের প্রতীক হয়? লাদুমের দাম জানলেই বুঝবেন কেন একে সেনেগালিজ সমাজে সম্ভ্রান্তদের সম্পদ বলা হয়। একেকটি লাদুমের দাম ৭০ হাজার ডলার অর্থাৎ বাংলাদেশী টাকায় ৮০ লাখ টাকার বেশি।
সেনেগালের মাথাপিছু জিডিপি ১ হাজার ৬০০ ডলার। যে কোনো সেনেগালিজ চাইলেই এই ভেড়া কিনতে পারার কথা নয়। এই সম্ভ্রান্ত ভেড়ার খামারি ২৪ বছর বয়সী মেষপালক শেখ মুস্তাফা। আফ্রিকার প্রায় প্রত্যেক দেশ থেকে মানুষ তার কাছে ভেড়া কিনতে আসে। পরম যত্নে নিজের লাদুমগুলোর লালন-পালন করেন মুস্তাফা। নিজের ভেড়াগুলোর আলাদা আলাদা নামও রেখেছেন তিনি।
মজার ব্যাপার যে, সেনেগালের বর্তমান প্রধানমন্ত্রী উসমান সনকোর নামেও তার একটি লাদুম আছে। লাদুম জাতের ভেড়াগুলো দেখতেও দারুণ সম্ভ্রান্ত বটে। এগুলোর ওজন ৩৯৭ পাউন্ড বা ১৮০ কেজি হয়ে থাকে। এক একটি ভেড়া বিক্রি করে বিলাশবহুল গাড়ির চেয়ে বেশি টাকা পাওয়া যায়। এ কারণে প্রজাতিটি পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোর মেষপালকদের কাছে অনেক জনপ্রিয়।

নামে ভেড়া হলেও আসলে লাদুম দেখতে বিশালাকার ছাগলের মতো। ঝকঝকে সাদা পশম এবং প্যাঁচানো সিংয়ের জন্য লাদুমের খ্যাতি আছে। মর্যাদাপূর্ণ পশুপালনের প্রতীক হিসেবে মূলত এটি লালন-পালন করেন সেনেগালের মানুষ। এমনকি লাদুমদের সুন্দরী প্রতিযোগিতাও আয়োজিত হয় সেনেগালে। সর্বনিম্ন ৪০ হাজার ডলারে কেনা যায় লাদুম প্রজাতির ভেড়া।
লাদুম কেবল কিনলেই হলো না, নিয়মিত এই সুন্দরীদের পার্লারে নিতে হয়। লাদুমের পশমে ব্রাশ করতে হয়, শরীরে মাসাজ করতে হয়, খাওয়াতে হয় ভিটামিন আর দামী খাবার। লাদুম যে শুধু বাণিজ্যিক লাভের আশায় পালন করা হয় তা নয়। সেনেগালের সমাজে উচ্চবিত্তের মানুষেরা সামাজিক মর্যাদা এবং আনন্দের জন্য লাদুম ভেড়াকে সৌখিনতার অংশ বলেই মনে করে।
নিজস্ব সংবাদ : 




















