ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, শফিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আব্দুর রহমান, বাকিবিল্লাহ। অন্য দুই জনের নামপরিচয় জানা যায়নি। আহতরা সবাই বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন।
ইসলামী ব্যাংক কর্মকর্তারা জানান, দীর্ঘদিন দখলে থাকা এস আলম গ্রুপের ভাড়াটে লোকজন এ গুলি করেছে। তারা গুলি করে পালিয়ে গেছেন। এখন ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন এস আলম বিরোধী আন্দোলনকারীরা।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরদিন এস আলমের নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেয় বিক্ষুব্ধ ব্যাংকাররা। এরপর গত ৭ এবং ৮ আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায়। ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর পদায়ন পাওয়া এক্সিকিউটিভসহ (নির্বাহী কর্মকর্তারা) যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন তাদের নিয়োগ বাতিলের দাবি করেন। এমন অবস্থায় গত বুধবার এস আলমের আমলে পদোন্নতি পাওয়া অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) কায়সার আলী ব্যাংকে এলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।
ডেস্ক রিপোর্ট 




















