চট্টগ্রামে পাহাড় কাটা বন্ধে বিশেষ অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে গতকাল মঙ্গলবার থেকে এই অভিযান শুরু হয়েছে। প্রথম দিনেই পাহাড় কাটায় জড়িত কয়েক ব্যক্তিকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফাহমিদা খানমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, চট্টগ্রাম জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ও চট্টগ্রাম পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে চট্টগ্রাম নগরের আকবর শাহ থানা ও খুলশী থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
এ সময় পাহাড় কাটার প্রমাণ মেলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আকবর শাহ থানার লেকসিটি এলাকায় পাহাড় কাটার আলামত পাওয়ায় মালিক সিডিএ প্রকৌশলী ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। হারবাতলী এলাকায় পাহাড় কাটা অবস্থায় হাতে নাতে পাওয়া দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা করে। দক্ষিণ খুলশী এলাকায় মোবাইল কোর্টে মো. মাইদুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, চট্টগ্রামের রূপনগর ও ইমামনগরে পাহাড় কাটার লক্ষ্যে গাছপালা পরিষ্কার করা হয়েছে। এবিষয়ে পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মিরপুর আবাসিক এলাকায় রাস্তা নির্মাণের জন্য পাহাড় কাটার প্রমাণ মেলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া অভিযানকালে মাইকিং করে স্থানীয় লোকজনকে পাহাড় কাটার বিরুদ্ধে সচেতন থাকতে বলা হচ্ছে। পাহাড় কাটার কোনো তথ্য পেলে পরিবেশ অধিদপ্তরকে তাৎক্ষণিক জানানোর অনুরোধ করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট 




















