রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাতরাস্তা মোড় অবরোধ করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছয় দফা দাবিতে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার পর ‘কারিগরি ছাত্র আন্দোলনের’ ব্যানারে তারা বিক্ষোভ শুরু করেন তারা।
বেলা ১টার পর সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা। এতে এতে মগবাজার মহাখালী, খামারবাড়ি, ফার্মগেট, কারওয়ানবাজার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শামীমুর রহমান। তিনি আরও বলেন, অবরোধের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
পলিটেকনিক ছাত্রদের ৬ দাবি:
১। কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোন জনবল থাকতে পারবে না।
২। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদী করতে হবে এবং প্রতি সেমিস্টার পূর্ণ মেয়াদের ৬ মাস করতে হবে।
৩। ২০২১ সালের বিতর্কিত নিয়োগ প্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে অপসারণ করতে হবে।
৪। কারিগরি সেক্টরে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ দ্রুত সম্পূর্ণ করতে হবে।
৫। কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন করতে হবে।
৬। উপসহকারী প্রকৌশলী ১০ম গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবে না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না। কারিগরি শিক্ষা অধিদফতরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষকসংকট দূর করতে হবে। উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ও ছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।
ডেস্ক রিপোর্ট 










