বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি মুভির তালিকায় প্রথম দিকেই আসে ‘হাউসফুল’-এর নাম। ২০১০ সালে মুক্তি পেয়েছিল হাউসফুলের প্রথম পর্ব। দারুণ হিট হওয়ার পর দুই বছরের মাথায় আসে ‘হাউসফুল টু’। এটিও আলোচিত হয়। ২০১৬ সালে ‘হাউসফুল থ্রি’ এবং ২০১৯ সালে আসে সর্বশেষ পর্ব ‘হাউসফুল ফোর’।
জনপ্রিয়তায় ভরপুর এই চার কিস্তির সিনেমা ৮০০ কোটি রুপিরও বেশি আয় করেছে। চারটি সিনেমা তৈরি হয়েছে আলাদা গল্পে, তবে প্রতিটিই ছিল কমেডিতে ভরপুর। মূলত নির্ভেজাল হাস্যরসের কারণেই এক যুগের বেশি সময় ধরে বলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজির তালিকায় রয়েছে হাউসফুলের নাম। এবার আসছে এই ফ্র্যাঞ্জাইজির পঞ্চম সিনেমা। যা নিয়ে আসছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।
যেখানে এক মুভিতে থাকবেন তিন নায়ক ও পাঁচ নায়িকা। ইতোপূর্বেই জানা গিয়েছিল অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চনের নাম। এবার ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছে, ইতিমধ্যে সিনেমায় যোগ দিয়েছেন পাঁচ নায়িকা। তারা হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া ও সৌন্দর্য শর্মা।
৩০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হবে মুভিটি। ছবিটি পরিচালনা করছেন তরুণ মনসুখানি। ২০২৫ সালের ৬ জুন মুক্তির উদ্দেশ্যে হাউসফুল ফাইভের কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাতারা।
ডেস্ক রিপোর্ট 

























