আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিজেদের সম্পদের বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। আজ রোববার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের তিনি এ তথ্য জানান।
এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে।
সিনিয়র সচিব মোখলেস উর রহমান জানান, প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদের বিবরণী জমা দিতে হবে। এ বছরেরটা ৩০ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। সিলগালা খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ হিসাব জমা দিতে হবে। ভুল তথ্য থাকলে ১৯৭৯ বিধিমালা অনুযায়ী শাস্তি দেওয়া হবে। সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য এটি প্রযোজ্য হবে।
মোখলেস উর রহমান বলেন, সম্পদ বিবরণীতে অনিয়ম পেলে অপরাধের মাত্রা বিবেচনায় সরকারি কর্মচারীরা তিরস্কার ও চাকরি থেকে বরখাস্ত হতে পারেন। এই সিদ্ধান্তের মাধ্যমে ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সম্পদের হিসাবের মধ্যে আনা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট 




















