প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে বাংলাদেশের নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দুই নেতার মধ্যে বৈঠকের পর গতকাল মঙ্গলবার রাতে এক বিবৃতিতে হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে দুই নেতার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে উভয় নেতা ওয়াশিংটন ও ঢাকার মধ্যকার ঘনিষ্ঠ অংশীদারত্বের বিষয়টি নিশ্চিত করেছেন; যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং দুই দেশের জনগণের সম্পর্কের গভীরে প্রোথিত রয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন দুই সরকারের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন উল্লেখ করে হোয়াইট হাউজ আরও জানায় বাংলাদেশকে তার নতুন সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ইউনূসকে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে সাম্প্রতিক নিয়োগে অভিনন্দন জানিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করেছে হোয়াইট হাউজ।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠক শুরুর আগে জো বাইডেন ও ড. ইউনূস হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং কিছুটা সময় আলাপচারিতা করেন।
ড. ইউনূসের সফরসূচি অনুযায়ী, বাইডেনের সঙ্গে প্রায় ১৫ মিনিটের মতো বৈঠকে চলে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপক্ষীয় বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তার দেশের পূর্ণ সমর্থনের প্রস্তাব দিয়েছেন।
বৈঠকে ড. ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ড. ইউনূস জোর দিয়ে বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। এসময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যেকোনও প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে তাদেরও (যুক্তরাষ্ট্র সরকার) পূর্ণ সহযোগিতা করা উচিত।
বৈঠকে প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলাকালীন ও এরপরে বাংলাদেশি শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি-সংবলিত ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ শীর্ষক আর্টবুক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উপহার দেন।
ডেস্ক রিপোর্ট 



















