শক্তিশালী হারিকেন মিল্টন দানব ঝড়ে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা বে-তে ক্যাটাগরি ৪-৩ মাত্রায় আঘাত হানতে যাচ্ছে। শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ধ্বংসলীলা থেকে প্রাণে বাঁচতে টাম্পা-বে,অরল্যান্ডো, নর্থপোর্টসহ সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
টাম্পাতে ৩০ লাখের মতো মানুষের বাস। চূড়ান্ত ঝুঁকি বিবেচনায় এখন হাজার হাজার মানুষ সেখান থেকে পালিয়ে যাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন। এতই মানুষ সেখান থেকে পালাচ্ছেন যে পুরো রাস্তায় গাড়ির জট তৈরি হয়েছে।

সেখানকার এক বাসিন্দা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর এমন নির্দেশনার পরই রাস্তায় গাড়ির সংখ্যা বেড়ে যায়।
সিএনএন আরও জানিয়েছে, হ্যারিকেন মিল্টনের ভয়াবহতার বিষয়টি মাথায় রেখে কিছু সফর স্থগিত করতে পারেন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এ ব্যাপারে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মাত্র গত সপ্তাহে হ্যারিকেন হেলেনের আঘাতে ফ্লোরিডায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন, মারা গেছেন অন্তত ২২৬ জন। আর ওই ঝড়ের ক্ষয়ক্ষতি পুষিয়ে না ওঠতেই আরেকটি হ্যারিকেন অঙ্গরাজ্যটির দিকে এগিয়ে আসছে।
ডেস্ক রিপোর্ট 




















