কক্সবাজারের চুনতি অভয়ারণ্য এলাকায় ট্রেনের ধাক্কায় গত ১৪ অক্টোবর এক হাতির মৃত্যুর ঘটনায় কক্সবাজার স্পেশাল ট্রেনের লোকোমাস্টার জামাল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের অনুরোধে ২৩ অক্টোবর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- উপদেষ্টার অনুরোধের পর, অভয়ারণ্য ও জাতীয় উদ্যান এলাকায় বন্যপ্রাণীর সুরক্ষায় ট্রেনের গতি ২০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) কে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) এবং বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো (চট্টগ্রাম)। বর্ণিত দুর্ঘটনার বিষয়ে তদন্ত করতঃ দায়-দায়িত্ব নির্ধারণ পূর্বক সুপারিশমালা আগামী ৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বন্যপ্রাণী সুরক্ষায় অন্যান্য ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক রিপোর্ট 




















