অন্তর্বর্তী সরকার পলিথিন ব্যাগ বন্ধের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধ কার্যকর করতে কঠোর মনিটরিং করা হবে। পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সব ধরণের পলিথিন নয়, শুধু বাজারে পলিথিন শপিংব্যাগ বন্ধ হবে। এছাড়া পাটের বা চটের ব্যাগ বিক্রির সময় ক্রেতাদের বলে দিতে হবে ব্যাগটি কিনে সংরক্ষণ করার জন্য। রোববার পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, পাটজাত পণ্য উৎপাদনকারীরা বেশী দাম ধরার কারণে মানুষ প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে বাধ্য হয়। ফলে পলিথিনের ব্যবহার বন্ধে পাটের ব্যাগের মূল্য সহনীয় রাখতে হবে। মানুষ যদি পলিথিন ব্যবহার বন্ধ করে, তাহলে উৎপাদনও বন্ধ হবে। এজন্য জনগণকে সচেতন করতে হবে। কেউ ইচ্ছে করে গাফিলতি করলে ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ক্ষতিকর প্রভাব বুঝে মানুষ যেন এটি থেকে সরে আসে, সে উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, সুপারশপে কোনো পলিথিন ব্যাগ ব্যবহার করা যাবে না। পলিব্যাগ ব্যবহার বন্ধে আগামী ১ নভেম্বর থেকে সব বাজারে কঠোর মনিটরিং শুরু হবে। সৈয়দা রিজওয়ানা হাসান জানান, পলিথিন উৎপাদন বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্বাস্থ্য সুরক্ষার দিক বিবেচনা করেই এই উদ্যোগ বাস্তবায়নের চিন্তা করছে সরকার।
তিনি আরও বলেন, পলিথিন শপিং ব্যাগ উৎপাদনের ছোট ছোট মেশিন আমদানি নিয়ন্ত্রণ করা হবে। আগে ব্যাগ বানাবো এরপর বাজার থেকে পলিথিন সরাবো। এটা সম্ভব না, নিয়মও না। আমরা একসঙ্গে দুটোই করবো।

সভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে। পর্যাপ্ত পাটের ব্যাগের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজন হলে কাচা পাট রপ্তানি বন্ধ করা হবে।
প্রসঙ্গত, বিগত কয়েকটি সরকার বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়। সর্বশেষ অন্তবর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গত ১ অক্টোবর থেকে সুপারশপে এবং ১ নভেম্বর থেকে বাজারে পলিথিন ও পলিপ্রোপিলিন অর্থাৎ পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করেছেন।
ডেস্ক রিপোর্ট 




















