গণভবনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের জাদুঘর নির্মাণ কাজে গতি আনতে উপদেষ্টাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টা গণভবন পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ।
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে বসবাস করতেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘গণভবনে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনা গত ১৫ বছর ধরে বাস করেছিলেন, যা দমন ও তার নৃশংস শাসনের প্রতীক হয়ে উঠেছে।’
পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা বলেন, ‘তার দুঃশাসন ও তাকে ক্ষমতাচ্যুত করার সময় জনগণের ক্ষোভের স্মৃতি এই জাদুঘরে সংরক্ষণ করা উচিত।’
গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেওয়ার কয়েক মুহূর্তের মধ্যে হাজার হাজার বিক্ষোভকারী গণভবনে প্রবেশ করে। তারা গণভবনের দেয়াল ও বিভিন্ন কক্ষে গ্রাফিতি ও প্রতিবাদ নোট যেমন খুনি হাসিনা লিখে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়।
প্রধান উপদেষ্টা বলেন, গণভবন জাদুঘরে আয়নাঘরের রেপ্লিকা নির্মাণ করা উচিত, যেখানে (আয়নাঘর) হাসিনার কুখ্যাত নিরাপত্তা সংস্থাগুলো গোপনে শতশত ভিন্নমতের ও বিরোধী নেতাকর্মীদের আটকে রাখত। (গণভবন জাদুঘর) পরিদর্শনে যারা আসবে, আয়নাঘর তাদের গোপন বন্দিশালার নির্যাতনের কথা মনে করিয়ে দেবে, বলেন তিনি।
অধ্যাপক ইউনূস তিন উপদেষ্টাকে জাদুঘর বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে বলেন। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাদুঘরের জন্য প্রস্তাব চূড়ান্ত করতে বলেন তিনি।
ডেস্ক রিপোর্ট 




















