এর আগে, পর্যটকদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে কয়েক দফায় নিরুৎসাহিত করে প্রশাসন। পরে সবশেষে গত ৮ অক্টোবর থেক খাগড়াছড়িতে পর্যটক ভ্রমণ বিরত থাকতে প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়।
দীর্ঘ মাসের বেশি সময় পর আজ আবার চালু হওয়ায় খুশি ঘুরতে আসা পর্যটকরা। প্রকৃতির সান্নিধ্য উপভোগে অনেকে এসেছেন বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি আরও বাড়বে বলছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে শুক্রবার ও শনিবারের জন্য আগাম বুকিং হচ্ছে সাজেক ও খাগড়াছড়ির হোটেল, কটেজগুলোতে।
সাজেকের পাশাপাশি খাগড়াছড়ির আলুটিলা, রিছাং ঝর্ণাসহ জেলার পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকদের পদাচরণায় মুখর হবে বলে আশাবাদী এ খাতের সঙ্গে সম্পৃক্তরা।
পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার। তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে মেঘের রাজ্য সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে প্রশাসন।
সাজেক কটেজ মালিক সমিতি সূত্রে জানা যায়, এক মাসেরও বেশি সময় ধরে সাজেক পর্যটকশূন্য থাকায় রিসোর্ট-কটেজের অধিকাংশ কর্মচারী সাজেক ছেড়ে চলে গেছেন। এখন আবার নতুন উদ্যমে ফিরতে শুরু করেছেন তারা।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, পর্যটকরা যেন নিরাপদে সাজেকসহ জেলায় ভ্রমণ করতে পারেন সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আশা করি আসন্ন পর্যটন মৌসুমে খাগড়াছড়ি জেলায় ব্যাপক পর্যটকের সমাগম ঘটবে।
ডেস্ক রিপোর্ট 



















