ঘুম ভেঙে চা না খেলে দিন শুরু হয় না অনেকের। কিন্তু খালি পেটে চা খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভাল? কারণ, চায়ের মধ্যে থাকা ক্যাফিন শরীরের জন্য ক্ষতিকর। তবে পুষ্টিবিদদের মতে, কফির তুলনায় চায়ে ক্যাফিনের পরিমাণ অনেক কম। আর যদি তা ভেষজ চা হয়, তাহলে তো কথাই নেই!
কেন ভেষজ চা?
অনেক ভেষজ চা আছে যা সকালে খালি পেটে খেলে হজম শক্তি বাড়ে। এছাড়া খাবার থেকে পুষ্টিগুণ শোষণেও সাহায্য করে এই ভেষজ পানীয়গুলি। গ্যাস্ট্রিক বা পেটের অস্বস্তি উপশম করতেও কয়েক ধরনের ভেষজ চা বানিয়ে খেতে পারেন ঘরেই। চলুন জেনে নিই কোন কোন চা হজমের সমস্যা দূর করবে—

পুদিনা চা: পুদিনা পাতার চা খেলে পেটের ফোলাভাব কমে। পেপারমিন্ট বা পুদিনায় থাকা ফ্ল্যাভোনয়েড এবং তেল পেটের ফোলাভাব কমাতে সাহায্য করে। এছাড়া নিঃশ্বাসের দুর্গন্ধ দূর করতেও খেতে পারেন পুদিনা চা। দশ-বারোটি পুদিনা পাতা কেটে গরম পানিতে দিয়ে ১৫ মিনিট ঢেকে রাখুন। পাতা কেটে দিলে পুদিনার গন্ধটা পুরোটাই পাবেন আরকি। এরসাথ লেবু ও মধু মিশিয়ে পান করুন পুদিনা চা। এই চা খেলে নিমেষেই দূর হয়ে যাবে যে কোনও শারীরিক ও মানসিক ক্লান্তি। সাম্প্রতিক গবেষণা বলছে, একটানা কাজ করার জন্য মনোযোগ বাড়াতেও সহায়তা করে এই চা।

আদা চা: এক কাপ গরম আদা চা আপনাকে মুক্তি দিতে পারে বমি বমি ভাব, পেট ফোলাভাব এবং গ্যাস থেকে। আদা পাতলা কুচি করে কেটে পানি দিয়ে ফুটিয়ে নিন। এরপর ছেঁকে মধু মিশিয়ে খান।

মৌরি চা: কোষ্ঠকাঠিন্য এবং আলসারের মতো সমস্যা থেকে রক্ষা করতে পারে। এই চা বানানোর জন্য প্যানে দেড় কাপ পানি ফুটিয়ে তাতে ১ টেবিল চামচ মৌরি গুঁড়া ও কয়েক টুকরা আদা দিয়ে জ্বাল কমিয়ে অপেক্ষা করুন। পানি কমে এক কাপ হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। কয়েকটি পুদিনা পাতা ও স্বাদমতো মধু মিশিয়ে পান করুন।

সিনামন টি বা দারচিনি চা: এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট। যা শরীর থেকে অতিরিক্ত মেদ ঝরাতে এবং বিভিন্ন রোগ থেকে শরীরকে বাঁচাতে সহায়তা করে। একটি পাত্রে পানি গরম করে দারচিনি গুঁড়ো, লেবুর রস ও মধু মিশিয়ে নিন। তার পর ছেঁকে নিন।

লবঙ্গ চা: হজমশক্তি বৃদ্ধি করা, হজমে সহায়ক উৎসেচক নিঃসরণে সহায়তা করা সহ লবঙ্গের গুণ অনেক। এতে থাকা ইউজেনল পরিপাকতন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়তা করে লবঙ্গ। এই ‘চা’ বানানোর জন্য, পানিতে কয়েকটি লবঙ্গ ফুটিয়ে নিলেই হবে। চাইলে এর সঙ্গে আদা যোগ করা যেতে পারে।

জিরা চা: পেটফাঁপা, গ্যাস, বদহজম দূর করতে জিরা বিশেষ উপকারী। হজমে সহায়ক হিসেবেও জিরার পরিচিতি রয়েছে। এতে রয়েছে প্রদাহনাশক উপাদান। এ ছাড়া উদ্বেগ কমাতে ও ভাল ঘুমের জন্যও এটি সহায়ক। পানির সঙ্গে জিরা ফুটিয়ে, তা ছেঁকে খেলে পেটের অনেক সমস্যায় উপকার মেলে।
কীভাবে তৈরি করবেন?
উপরের উল্লেখিত ভেষজগুলি পানিতে ফুটিয়ে বা কাপে গরম পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে চা তৈরি করতে পারেন। এরসাথে চাইলে মধু বা লেবু মিশিয়েও খেতে পারেন।
মনে রাখবেন যদি আপনার কোনো দীর্ঘস্থায়ী পেটের সমস্যা থাকে, তাহলে ভেষজ চা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।
ডেস্ক রিপোর্ট 










