যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় সব অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা। ইতিমধ্যে অধিকাংশ অঙ্গরাজ্যে কে জয় পেতে যাচ্ছেন, এমন পূর্বাভাসও আসছে বিভিন্ন গণমাধ্যমে। বিবিসির খবর অনুযায়ী, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ তথ্যানুযায়ী ৬ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার ২৪৮ পপুলার ভোট (সাধারণ ভোট) পেয়েছেন। অন্যদিকে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ৬ কোটি ২ লাখ ৩৫ হাজার ৭৫৫ পপুলার ভোট পেয়েছেন।
এ ছাড়া এখন পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৪৬টি এবং কমলা ১৮২টি ভোট পেতে পারেন বলেন আভাস দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।
এদিকে প্রথম ব্যাটেল স্টেট হিসেবে নর্থ ক্যারোলাইনায় জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর একটু পরেই খবর এলো গত নির্বাচনে একটু জন্য হাতছাড়া হওয়া জর্জিয়াতেও জিতেছেন ট্রাম্প। অর্থাৎ দোদুল্যমান এই দুই অঙ্গরাজ্য এখন রিপাবলিকানে লালে লাল। খবর বলছে, পেনিসিলভানিয়াতেও এগিয়ে আছেন ট্রাম্প তবে এই অঙ্গরাজ্যের বড় শহর ফিলাডেলফিয়াতে কারচুপির অভিযোগ করেছেন তিনি। যদিও ভোটিং কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে।
অ্যারিজোনা ও উইসকনসিনেও ট্রাম্প ডেমোক্র্যাট কমলা হ্যারিসের চেয়ে কিছুটা এগিয়ে আছেন। এ দুই রাজ্যে অর্ধেকের বেশি ভোট গণনা হয়েছে।
বুথফেরত জরিপগুলো বলছে, ভোট দেয়ার ক্ষেত্রে গণতন্ত্র এবং অর্থনীতিকে প্রাধান্য দিচ্ছেন ভোটাররা। যুক্তরাষ্ট্রে ৪৭তম প্রেসিডেন্ট কে হচ্ছেন- সেদিকে নজর সারা বিশ্বের।
তবে বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল এবং কে যাচ্ছেন হোয়াইট হাউসে জানতে আরেকটু অপেক্ষা করতে হবে। এখনও বাকী ১১ অঙ্গরাজ্যের ভোটের ফল।
ডেস্ক রিপোর্ট 




















