আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ আগস্ট তীব্র প্রাণঘাতী গণআন্দোলনের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় দলটির সভানেত্রী একং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পতনের প্রায় তিন মাসের মাথায় প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষনা দিয়েছে আওয়ামী লীগ। আজ রোববার বিকেল ৩টায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে ও ‘অগণতান্ত্রিক শক্তির অপসারণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার’ দাবি তুলে গুলিস্তানের জিরো পয়েন্টে কর্মসূচি পালনের কথা দলটির। এদিকে একইস্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সবমিলিয়ে পাল্টাপাল্টি অবস্থানের মুখে রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েনের খবর এলো। এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এমন অবস্থায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি)।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে লিখেছেন, তারা আজ কোনও জমায়েত বা মিছিল করার চেষ্টা করলে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কঠোর অবস্থানের মুখোমুখি হতে হবে।
এদিকে আওয়ামী লীগের এই কর্মসূচিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে আজ দুপুর ১২টায় ঢাকায় গুলিস্তানের জিরো পয়েন্টে ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত’ শিরোনামে কর্মসূচি পালনের কথা জানিয়েছে তারা। যদিও রাত থেকেই সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা অবস্থান নিতে শুরু করেছে।
ডেস্ক রিপোর্ট 



















