শীত আসছে। দিল্লি, লাহোর এবং ঢাকা, দূষিত বায়ুর শহর তালিকায় আবার শীর্ষে উঠে আসছে। বায়ুমান প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ারের আজকের সকালের হিসেব অনুযায়ী, দূষিত বায়ুর শহর তালিকায় এক নম্বরে আছে ভারতের রাজধানী দিল্লি।
বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৪২৬ অর্থাৎ এই শহরের বাতাস দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে।
শহরটিতে গত কয়েকদিন ধরেই বাতাসের মান রয়েছে বিপজ্জনক পর্যায়ে। এতে দিল্লির শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণাও দিতে বাধ্য হয় প্রশাসন। বায়ু দূষণের কারণে তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের লাহোর, এরপরেই আছে করাচি। লাহোরের স্কোর ৩৯৫ এবং করাচির স্কোর ২০৭।
এদিকে প্রায় প্রতি বছর বায়ু দূষণ তালিকায় দিল্লি-লাহোরের সঙ্গে শীর্ষে থাকা ঢাকা আছে আজ ১৩ নম্বরে। ঢাকার স্কোর ১৩৯। সকাল ১১টার কিছুক্ষণ পর পর্যন্ত পাওয়া আইকিউএয়ারের বায়ুমান অনুযায়ী ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বিশেষ করে সংবেদনশীল মানুষদের জন্য।
আইকিউএয়ারের বায়ুমান অনুযায়ী- স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
ডেস্ক রিপোর্ট 




















