মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর ওই পদে যোগ দেবেন কাশ প্যাটেল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নবনির্বাচিত মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন, তিনি সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা কাশ্যপ প্রমোদ ‘কাশ’ প্যাটেলকে (৪৪) এফবিআই প্রধান হিসেবে নিয়োগ দিতে চান। তিনি কাশ প্যাটেল নামেই তিনি বেশি পরিচিত।

প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার ভূমিকা পালন করেছিলেন কাশ প্যাটেল। সংবাদমাধ্যমগুলো তাকে ট্রাম্পের প্রতি পরম আস্থাভাজন হিসেবে উল্লেখ করেছে। কাশ প্যাটেল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ‘ডিপ স্টেট’ অর্থাৎ দেশের রাজনৈতিক বিষয়ে শীর্ষ গোয়েন্দা স্বার্থ-তৎপরতা নিয়ে সমালোচনা করে এসেছেন। ফক্স নিউজের ভাষ্যে ‘সত্যের পক্ষের’ কাশ প্যাটেলকে এফবিআই পরিচালক পদে নিয়োগ দিয়েছেন ট্রাম্প।
কার্যত প্যাটেলের নাম ঘোষণার মাধ্যমে বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে বিদায় করার ইঙ্গিত দিলেন ট্রাম্প। প্রসঙ্গত, গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জিতলেও ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন আগামী বছরের ২০ জানুয়ারি। এর আগেই নিজের প্রশাসন সাজিয়ে নিচ্ছেন তিনি।
ডেস্ক রিপোর্ট 




















