খাবারের টেবিলে স্মার্টফোন ব্যবহারের অভ্যাস বর্তমানে অনেকের জীবনের অংশ হয়ে উঠেছে। খাবারের ছবি তোলা কিংবা ইন্টারনেট ব্যবহারের জন্য ফোন টেবিলে রাখা সাধারণ ব্যাপার হলেও এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
ইউনিভার্সিটি অব চেস্টারের ফিজিওলজি বিভাগের গবেষক গ্যারেথ নাই বলেন, স্মার্টফোনে থাকা জীবাণু সহজেই খাবারের টেবিলে ছড়িয়ে পড়তে পারে। এর ফলে ত্বকের সংক্রমণ থেকে শুরু করে খাদ্য বিষক্রিয়ার মতো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এমনকি, এই জীবাণুর প্রভাব ব্যবহারকারীর পেশা ও দৈনন্দিন অভ্যাসের ওপর নির্ভর করে।
তিনি আরও জানান, ফোনে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া সাধারণত হাতের মাধ্যমে ফোনে পৌঁছায়। প্রতিদিন বিভিন্ন জিনিস স্পর্শ করার ফলে হাতের জীবাণু ফোনে জমা হয়। বিশেষ করে বাথরুমে ফোন ব্যবহারের কারণে জীবাণু ছড়ানোর ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
জীবাণুর সংক্রমণ এড়াতে ফোন পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলেন, ফোন পরিষ্কার করার সময় এটি আনপ্লাগ করে কভারটি সাবান পানিতে ধুয়ে নিতে হবে। লিন্ট-ফ্রি কাপড় দিয়ে ফোনের বাইরের অংশ মুছে এবং পোর্টের ধুলা টুথপিক দিয়ে পরিষ্কার করতে হবে। ফোন জীবাণুমুক্ত করতে ৭০% আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা যেতে পারে, তবে সরাসরি কোনো তরল স্প্রে না করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে, নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বজায় রাখা জীবাণু প্রতিরোধে কার্যকর একটি উপায়।
ডেস্ক রিপোর্ট 










