ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ– আরএসএস’। বাংলাদেশে ‘হিন্দু নিপীড়নের’ অভিযোগ তুলে এই ঘোষণা দেয় সংগঠনটি। আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ হাইকমিশন ঘেরাও করা হবে বলে জানায় আরএসএস।
গত শুক্রবার দিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আরএসএসের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির এক কর্মকর্তা বলেন, ‘আগামী সপ্তাহে দুই শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিত্বকারী নাগরিক সমাজের সদস্যরা প্রতিবেশী বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ‘‘নিপীড়নের’’ বিরুদ্ধে দিল্লিতে বাংলাদেশ দূতাবাস অভিমুখে পদযাত্রা করবেন।’
আরএসএসের দিল্লি শাখার গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের সহ-প্রধান রজনীশ জিন্দাল বলেন, ‘আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিন দিল্লির নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ দূতাবাসে পদযাত্রা অনুষ্ঠিত হবে। বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে চলমান নিপীড়নের ঘটনায় ভারতের জনগণ ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন।’
আরএসএসের এই নেতা আরও বলেন, ‘আমরা বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি জমা দেব। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে চলমান নৃশংসতা ও সহিংসতা বন্ধে অবিলম্বে হস্তক্ষেপ করার দাবি জানিয়ে জাতিসংঘ, ইউএনএইচআরসি, ডব্লিউএইচও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এডিবিসহ সকল আন্তর্জাতিক সংস্থার কাছেও স্মারকলিপি জমা দেব আমরা।’ প্রতিবাদ মিছিলের আগে ৯ ডিসেম্বর দিল্লির সব জেলা ম্যাজিস্ট্রেটের কাছে এই বিষয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে এক বিবৃতিতে আরএসএসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমাদের প্রতিবাদের লক্ষ্য হলো জাতীয় ও আন্তর্জাতিক অংশীজনদের বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের প্রতি দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ কামনা করা।’
নিজস্ব সংবাদ : 




















