এবছর বিজ্ঞান-প্রযুক্তি, প্রকৌশল, চিকিৎসা এবং গবেষণার মাধ্যমে পৃথিবীতে পরিবর্তন আনার চেষ্টায় অবদান রাখা বিশ্বের শীর্ষ ১০ ব্যক্তিত্বের তালিকা করেছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন ‘নেচার’। ২০২৪ সালের এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। নেচারের তালিকায় ড. ইউনূসকে ‘নেশন বিল্ডার’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
নেচারের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নেচারের শীর্ষ ১০ ব্যক্তিত্বের তালিকায় গত এক বছরে বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখা লোকদের বাছাই করেছে। এই তালিকা করেছেন নেচারের সম্পাদক। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে কীভাবে গবেষকেরা আমাদের পৃথিবীকে গড়ছেন তার স্বীকৃতি এই তালিকা। এ বছরের উল্লেখযোগ্য অর্জনগুলো হলো আবহাওয়া পূর্বাভাসের নতুন ধারণা থেকে শুরু করে একটি জাতিকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি।
ড. ইউনূসের বিষয়ে নেচারের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের স্বৈরতন্ত্রী সরকারের পতনে যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের একটাই দাবি ছিল- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্ব দিতে আমন্ত্রণ জানানো হোক।
এটি ছিল ইউনূসের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ছয় দশকের পেশাজীবনে তিনি দারিদ্র্য বিমোচনে নতুন ধারণা নিরীক্ষার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। গবেষণার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ এবং সিস্টেম বুঝে সমস্যার সমাধান করা ইউনূসের কাজের মূল ভিত্তি। ড. ইউনূসের সঙ্গে ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করে অ্যালেক্স কাউন্টস তাঁর সম্পর্কে বলেন, ‘তিনি আশির কোঠায়, কিন্তু তাঁর শারীরিক ও মানসিক স্বাস্থ্য উজ্জ্বল। তাঁর সমানুভূতি রয়েছে এবং তিনি একজন চমৎকার যোগাযোগকারীও বটে।’
অ্যালেক্স কাউন্ট নামের এক ব্যক্তির বক্তব্যে ড. ইউনূসকে এভাবেই তুলে ধরেছে নেচার। অ্যালেক্স ড. ইউনূসের সঙ্গে কর্মসূত্রে ৩০ বছরের পরিচিত বলে জানিয়েছে ম্যাগাজিনটি।
এছাড়া নিবন্ধটিতে ড. ইউনূসের জন্মসহ পারিবারিক পরিচয় এবং ক্ষুদ্র ঋণ সহ অর্থনৈতিক ক্ষেত্রে অবদানগুলোও সংক্ষেপে উঠে এসেছে।
নিজস্ব সংবাদ : 










