আত্মসমর্পণ করেছেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখা জিম্মি করা ৩ ডাকাত। এসময় তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানায় দায়িত্বপ্রাপ্ত র্যাব কর্মকর্তা খালিদ হাসান।
তিনি বলেন, ‘ব্যাংকে থাকা তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
র্যাবের পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়েছে, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রুপালি ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা ৩ ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেয় একদল সশস্ত্র ডাকাত। তাতে ব্যাংকের গ্রাহক ও কর্মী মিলে ১৬ জন ভেতরে জিম্মি দশায় পড়েন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। ডাকাত পড়ার খবর পেয়ে প্রথমে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকের গেইটে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়।
পরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে ব্যাংকের ওই শাখার চারপাশে অবস্থান নেয়। তারা আলোচনার মাধ্যমে ডাকাতদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চালান।
বিকাল সাড়ে ৫টায় তিন ডাকাত আত্মসমর্পণ করে জানিয়ে র্যাব কর্মকর্তা তাপস কর্মকার বলেন, “ভেতরে ১৬ জন জিম্মি ছিলেন, যাদের মধ্যে চারজন ব্যাংক কর্মকর্তা আর বাকি ১২ জন গ্রাহক। প্রত্যেকেই অক্ষত রয়েছেন। তিন ডাকাতকে হেফাজতে নেওয়া হয়েছে।”
ঘটনাস্থলে উপস্থিত আছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ানসহ র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডেস্ক রিপোর্ট 










