যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সাত সুইং স্টেট বা দোদুল্যমান অঙ্গরাজ্যের সবগুলোই রিপাবলিকান পার্টির দখলে গেল। আর এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলপ্রকাশ সমাপ্ত হলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
পেনসিলভানিয়া, উইসকনসিন, মিশিগান, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা, নেভাডা ও অ্যারিজোনা– এই সাত সুইং স্টেটসহ ৫০টি অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি জিতেছেন ট্রাম্প। স্থানীয় সময় শনিবার অ্যারিজোনার ১১টি ইলেকটোরাল কলেজ ভোট নিশ্চিত হলে ট্রাম্পের সংগ্রহ দাঁড়ায় ৩১২। ২০১৬ সালে ট্রাম্প যেবার প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন তখন তার ইলেকটোরাল ভোটের সংখ্যা ছিল ৩০৬টি। অর্থাৎ ২০২৪ সালের নির্বাচনে নিজের পূর্বের রেকর্ড ভেঙেছেন আততায়ীর হামলা- কয়েকটি মামলা থেকে ঘুরে দাঁড়ানো ট্রাম্প। এবারের নির্বাচনে ইতিহাস গড়ার আশা হতাশায় পরিণত করে কমলা হ্যারিসের ইলেকটোরাল ভোট সংখ্যা ২২৬টি।
গত জুলাইয়ে প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। এরপর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হন। নির্বাচনের আগে অধিকাংশ জরিপে কমলা হ্যারিস এগিয়ে ছিলেন। সুইং স্টেটগুলোতেও ডেমোক্র্যাটদের এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু সেই সব সমীক্ষাকে ভুল প্রমাণিত করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে রিপাবলিকানরা।
গত ৫ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফরে জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসও ট্রাম্পের জয় মেনে নিয়েছেন।
ডেস্ক রিপোর্ট 










