২০২৩ সালে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটি। বক্স অফিসে যেটি দারুণ সাফল্য পেয়েছিল। এখন ছবির দ্বিতীয় অংশের অপেক্ষায় দর্শকরা!
এই ছবিতে ববি দেওল অভিনয় করেছিলেন ভিলেন চরিত্রে। কিন্তু তাতেও জমিয়ে দেন ধর্মেন্দ্র-পুত্র। এবার পাপারাজ্জিদের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেল, ছবির দ্বিতীয় পর্ব ‘অ্যানিমেল পার্ক’-এর মুক্তির তারিখ নিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন ববি।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় ববি দেওলকে তার ছেলে আর্যমান দেওলের সঙ্গে মুম্বাইয়ের একটি সিনেমা হলে দেখা যায়। এসময় তিনি পাপারাজ্জিদের জন্যও পোজ দেন। ঠিক তখনই একজন ফটোগ্রাফার তাকে জিজ্ঞাসা করেন, ‘অ্যানিমেল ২ কবে আসছে?’ যার উত্তরে ববি জানান, ‘আমি জানি না।’
এখন প্রশ্ন হল, ববির কাছে কি সত্যিই অ্যানিমেল পার্কের বিষয়ে কোন তথ্য নেই? নাকি তারা সেটা লুকিয়ে রাখতে চান? এর আগে প্রযোজক ভূষণ কুমার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরবর্তী ছবি স্পিরিটের (যাতে প্রভাস প্রধান চরিত্রে রয়েছেন) পরে ‘অ্যানিমেল পার্ক’ এর শুটিং শুরু হবে। অর্থাৎ, ছবির জন্য এখনও অনেকটা সময় অপেক্ষা করতে হবে।
রণবীর কাপুর ও রাশমিকা মান্দানার ‘অ্যানিমেল’ ভারতে টপকে ছিল ৫০০ কোটির ঘর। এমনকি দর্শক, সমালোচক, তারকাদের থেকেও বিশেষ প্রশংসিত হয় ছবিটি। যদিও একাংশ উগ্র পৌরুষত্বের তীব্র নিন্দা করেন।
ছবিতে ববি নেতিবাচক আবরারের চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি শুনতে ও কথা বলতে পারেন না। এই চরিত্রের জন্য সাইন ল্যাঙ্গুয়েজও শিখেছিলেন অভিনেতা।
ডেস্ক রিপোর্ট 

























