আগরতলার রাজধানী ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার জেরে সেখানকার কনস্যুলার সেবা বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে আপাতত আগরতলার বাংলাদেশের সহকারী হাই কমিশনে কনস্যুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।

এদিকে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয়। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়।
পরে বিকেলে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ভারত। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল চারটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ সব কথা বলেন। নিরাপত্তা জনিত কারণে পরবর্তী নিদের্শ না দেয়ার পর্যন্ত আগরতলা সহকারি হাই কমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে একটি বিষকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখতে চায় ভারত।
গতকাল সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়। ‘হিন্দু সংগ্রাম সমিতি’ নামের একটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ডেস্ক রিপোর্ট 










