তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ভোরে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এর বাইরে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। পরবর্তী পাঁচ দিন আবহাওয়ার পরিস্থিতি অনেকটা একই থাকবে। তবে শুক্রবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবার শনি ও রবিবার সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আর সোমবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১১ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ টেকনাফে ৩০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
প্রকৃতিবার্তা ডেস্ক 










