যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম উপকূলে একটি ভয়ংকর ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এই ঝড়ের সঙ্গে হতে পারে অত্যন্ত বিপজ্জনক ভারী বৃষ্টি, হতে পারে তুষারপাত। বন্যা ও ভূমিধস থাকবে সঙ্গে। নানা দুর্যোগ বয়ে আনা এই ধরনের ঝড়কে জলবায়ু বিজ্ঞানীরা “বোম্বোজেনেসিস” বলে থাকেন। এই শব্দ থেকে এসেছে বোম্ব সাইক্লোন শব্দদ্বয়। ফক্স নিউজের আবহাওয়াবিদ অ্যাবি একোনের মতে, এটি একটি ঝড়ের ধরনের বর্ণনা করে যা প্রচণ্ডশক্তিতে বিস্ফোরিত হয়। সাইক্লোনকে ইনটেনস উইন্টার স্টর্ম বলেও উল্লেখ করেন আবহাওয়া বিশেষজ্ঞেরা। এই সাইক্লোন এলে বিপুল পরিমাণ বৃষ্টিপাত হয়। স্বল্পসময়ের মধ্যেই ভয়ানক ঝড়-বৃষ্টিতে ধুয়ে-মুছে যায় সব।
পূর্বাভাস বলছে, প্রশান্ত মহাসাগরসংলগ্ন মার্কিন কয়েকটি অঙ্গরাজ্যে এই ঘূর্ণিঝড় আঘাত হানবে। এসব রাজ্যে ৭০ লাখের বেশি মানুষ বসবাস করেন। ঝড়ের প্রভাবে সেখানে দমকা বাতাস, ভারী বৃষ্টিপাত, বন্যা, তুষারপাত ও ভূমিধসের পূর্বাভাস দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু অংশ ইতোমধ্যেই ঝড়ের প্রভাব শুরু হয়েছে। সিয়াটল এলাকায় ইতোমধ্যেই তীব্র বাতাসের ঝাপটা লক্ষ্য করা গেছে।
মার্কিন জাতীয় মহাসাগরীয় ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) জানিয়েছে, সপ্তাহের শেষ নাগাদ এটি আরও তীব্র হতে পারে। ইতোমধ্যে ১ জন মারাও গেছেন। বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা পুরোপুরি বন্ধ রয়েছে।
বলা হচ্ছে এই ঝড়ের সঙ্গে তীব্র বাতাস, বৃষ্টি, তুষারপাত ছাড়াও আকস্মিক বন্যা, ভূমিধস, এবং উচ্চভূমিতে ভারী তুষারপাত ও তুষারঝড়ের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
‘বোম্ব সাইক্লোন’ নামে পরিচিত এই ঝড়টি উপকূলের কাছে বায়ুচাপ দ্রুত হ্রাস পাওয়ার কারণে তৈরি হয়েছে। এর জেরে আবহাওয়ার এই পরিস্থিতিকে দ্রুত চরম আকার ধারণ করেছে।
এনওএএ-এর আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, এই ঝড় প্যাসিফিক নর্থওয়েস্টের পাহাড়ি এলাকায় ভারী তুষারপাত ঘটাতে পারে। সেখানে প্রতি ঘণ্টায় ২-৩ ইঞ্চি তুষার জমতে পারে এবং বাতাসের গতি ঘণ্টায় ৬৫ মাইল (২৯ মিটার প্রতি সেকেন্ড) পর্যন্ত হতে পারে।
সংস্থাটি বলছে, চরম আবহাওয়ার কারণে সাদা ধোঁয়ায় ঢেকে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর ফলে চলাচল কঠিন হতে পারে। কিছু জায়গায় ১০-২০ ইঞ্চি (২৫-৫০ সেন্টিমিটার) তুষারপাত হতে পারে। এ ছাড়া ঝড়ো বাতাসে বিদ্যুৎ বিচ্ছিন্নতা, গাছ উপড়ে যাওয়া এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের সৃষ্টি করতে পারে। উত্তর-পশ্চিম ক্যালিফোর্নিয়ার জন্য অতিরিক্ত বৃষ্টিপাতের উচ্চ ঝুঁকি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন সংস্থাটি আরও জানিয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়া ও দক্ষিণ-পশ্চিম ওরেগনে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হবে। জাতীয় আবহাওয়া পরিষেবা প্যাসিফিক উপকূল বরাবর বেশ কিছু অঞ্চলের জন্য বুধবার পর্যন্ত শীতকালীন আবহাওয়ার সতর্কতা এবং শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করেছে।
ডেস্ক রিপোর্ট 




















