আজ রবিবার থেকে শুরু হয়েছে ঢাকা মহানগরসহ সারাদেশে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেপ্টেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রম। ফ্যামিলি কার্ডধারী এক কোটি পরিবার সাশ্রয়ী মূল্যে পাবে চাল, ভোজ্যতেল ও মসুর ডাল।
শনিবার (১৪ সেপ্টেম্বর) টিসিবির যুগ্ম পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল, মসুর ডাল ও চাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের বিক্রির কার্যক্রম রবিবার থেকে সারাদেশে শুরু হবে।
এই কার্যক্রম দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবেন ডিলাররা।
এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্যতেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা।
ডেস্ক রিপোর্ট 




















