ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তবে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’ বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে।
সোমবার পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে শত্রুতা শুরু হয়েছে। এদিন ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আর ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের সাতটি ছোট নৌকা গুলি করে ডুবিয়ে দিয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটনের সামরিক শক্তির কথা তুলে ধরে ফের ইরানকে হুমকি দিয়েছেন।
ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগের তুলনায় যুক্তরাষ্ট্রের হাতে এখন আরও উন্নত অস্ত্র ও বিপুল সামরিক সক্ষমতা রয়েছে। প্রয়োজন হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম ব্যবহার করতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, চলমান উত্তেজনার মধ্যেও ইরান শান্তি আলোচনায় আগের তুলনায় বেশি নমনীয় অবস্থান দেখাচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।
প্রকৃতিবার্তা ডেস্ক 













