ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাক গলানোর বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানকে পারমাণবিক অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?
রোববার (১৯ এপ্রিল) পেজেশকিয়ান বলেন, “ট্রাম্প দাবি করেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না। কিন্তু (ইরান) কোন অপরাধের কারণে এ অধিকার ব্যবহার করতে পারবে না, সেটি তিনি বলেন না। একটি দেশকে তার অধিকার থেকে বঞ্চিত করার ট্রাম্প কে?”
ইরানি প্রেসিডেন্ট দাবি করেছেন, ইরানকে কেন পারমাণবিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না, সেটির কোনও সঠিক কারণ ট্রাম্প বলতে পারেন না।
এছাড়া ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা করছে বলেও জানান তিনি। পেজেশকিয়ান বলেন, ইরান কখনো কোনও দেশে হামলা করেনি; করবেও না। কিন্তু ইরানই হামলার শিকার হয়েছে। এ কারণে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজের আত্মরক্ষা করছে ইরান।
তিনি বলেন, এটা ভাবা উচিত নয় যে ইরান যুদ্ধ চাইছে। বরং আমরা শান্তিপ্রিয় এবং আমরা যা করছি তা আইনসম্মত আত্মরক্ষা। যেমন প্রত্যেক মানুষ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায়, তেমনি একটি জাতিও আক্রমণের বিরুদ্ধে আত্মরক্ষা করে।
প্রকৃতিবার্তা ডেস্ক 


















