হামাসের কথিত টানেল থেকে ছয় ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েলজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। হাজার হাজার মানুষ দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে জড়ো হয়ে এখনো যারা জীবিত, সেই জিম্মিদের উদ্ধারের দাবিতে সোচ্চার হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজধানী তেল আবিব ও অন্যান্য বড় বড় শহরে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা নিয়ে বিক্ষোভ করেছেন। তাদের অভিযোগ, হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের উদ্ধারে চুক্তি করতে নেতানিয়াহু সরকার যথেষ্ট আন্তরিক নয়। সরকার জিম্মিদের জীবীত উদ্ধারে ব্যর্থ হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় মিডিয়ার বরাতে জানিয়েছে, জেরুজালেমে রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। বিক্ষোভে অন্তত পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে, নিহত জিম্মিদের ছবিসহ বিক্ষোভকারীরা তেল আবিবের প্রধান মহাসড়কে অবস্থান নিয়েছেন।
হিস্তাদ্রুত লেবার ফেডারেশনের প্রধান আর্নন বার-ডেভিড গাজায় আটক জিম্মিদের মুক্তিতে ব্যর্থতার দায় নেতানিয়াহু সরকারের ওপর চাপিয়ে এর প্রতিবাদে সোমবার (২ সেপ্টেম্বর) সাধারণ ধর্মঘটের ডাক দেন। আর্নন বার-ডেভিড বলেন, ‘এটি একটি ব্যর্থ সরকার। এই সরকার এখনো জিম্মিদের জীবিত ফেরত আনতে পারেনি। ইসরায়েলকে এখনই স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এ জন্য আমাদের একটি চুক্তিতে পৌঁছাতে হবে। এই মুহূর্তে চুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অথচ চুক্তির বদলে আমরা পাচ্ছি মৃতদেহ।’

এ ছাড়া ইসরায়েলি সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং বিরোধী দলীয় নেতা বেনি গানজও বিক্ষোভের ডাক দিয়েছিলেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ওই হামলার পর ইসরায়েল জানিয়েছিল, তাদের অন্তত ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে গেছে হামাস।
ডেস্ক রিপোর্ট 










