এবছর বিশ্বজুড়ে ভারী বৃষ্টিতে বন্যার প্রকোপ দেখা যাচ্ছে। সদ্যই ভারী বৃষ্টিতে নজীরবিহীন বন্যায় আক্রান্ত মধ্য ইউরোপের পর এবার ভারী বৃষ্টিতে বন্যার কবলে জাপান। জাপানের উত্তরাঞ্চলীয় এলাকা ইশিকাওয়ায় বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে একজন নিহত ও সাতজন নিখোঁজ রয়েছেন। এছাড়া, বন্যায় নদীর তীর ভেঙে যাওয়ায় চারটি শহরের ৪০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জাপানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএইচকে জানিয়েছে, নিখোঁজদের মধ্যে দু’জন নদীর তীব্র স্রোতের কারণে ভেসে গেছে। এদিকে, ভয়াবহ ভূমিকম্পের পর রাস্তা মেরামতের কাজে নিয়োজিত আরও চার শ্রমিকের খোঁজ পাওয়া যাচ্ছে না।
নজীরবিহীন বৃষ্টিপাতের মধ্যে গত শনিবার (২১ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) ইশিকাওয়া অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করে।
এনএইচকে জানিয়েছে, শনিবার সকালে ওয়াজিমায় ১২০ মিলিমিটার এরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রেকর্ড শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে এটি সবচেয়ে ভারী বৃষ্টিপাত।
জাপানের আবহাওয়া সংস্থার আবহাওয়াবিদ সুগিমোতো সাতোশি সাংবাদিকদের বলেন, ‘এই অঞ্চলে এই মাত্রার বৃষ্টিপাত আগে কখনো হয়নি। অবিলম্বে বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। তারা জীবনের ঝুঁকিতে রয়েছে।’
ডেস্ক রিপোর্ট 




















