দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখন চলছে রোদ বৃষ্টির খেলা। হঠাৎ হঠাৎ বিভিন্ন জায়গায় হচ্ছে ভারী বৃষ্টিপাত। সঙ্গে দেখা মিলছে প্রখর রোদের। এতে করে গরম অনুভব করছেন সাধারণ মানুষ। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাকিস্তানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই রকম আবহাওয়া পরিলক্ষিত হচ্ছে বাংলাদেশেও। অপরদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনুভূত হচ্ছে তীব্র গরম। এশিয়ার দেশ ইরানে গত কয়েকদিন ধরে এতটাই গরম পড়েছে যে সেখানে সরকারি অফিস, ব্যাংকসহ প্রায় সবকিছু বন্ধ রাখা হয়েছে।
ভয়াবহ দাবদাহে পুড়ছে ইরান। আর এ কারণে আজ রবিবার ইরানজুড়ে ‘শাটডাউন’ ঘোষণা করেছে দেশটির সরকার। গতকাল সরকারি ঘোষণায় বলা হয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষা এবং শক্তি সংরক্ষণের জন্য রবিবার দেশজুড়ে ব্যাংকসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে জরুরি সেবা ও ত্রাণ সংস্থাগুলোকে এর আওতামুক্ত রাখা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ঘোষণায়। এদিকে গতকাল দেশটির সরকারি প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোর কর্মঘণ্টাও অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। শুক্রবার থেকে চরম তাপপ্রবাহে পুড়ছে গোটা ইরান। রাজধানী তেহরানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আগামী চার দিনও এমন উচ্চ তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
এমন পরিস্থিতিতে দেশটিতে আজ রোববার (২৮ জুলাই) সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রচণ্ড গরমে হিটস্ট্রোক করে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন অন্তত ২০০ জন। রাজধানী তেহরানে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিলক্ষিত হয়েছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত এবং বিদ্যুৎ বাঁচাতে রোববার ব্যাংক, অফিসসহ সব সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটির আওতামুক্ত থাকবে শুধুমাত্র জরুরি পরিষেবা এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।
ইরানের জাতীয় আবহাওয়া সংস্থার কর্মকর্তা সাদেগ জিয়াইয়ান আধাসরকারি বার্তাসংস্থা মেহের নিউজকে বলেছেন, শনিবার ১০টি প্রদেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছিল। এরমধ্যে সর্বোচ্চ ৪৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের দেলগানে। এই প্রদেশের সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে।
তিনি জানিয়েছেন সোমবার তাপমাত্রা কিছুটা কমে আসবে। কিন্তু এর অর্থ এই নয় যে বাতাস ঠান্ডা হয়ে যাবে। ইরানের সংবাদমাধ্যমগুলোতে বিকাল ৫টা পর্যন্ত সাধারণ মানুষকে ঘরের ভেতরে থাকার আহ্বান জানানো হয়েছে। গত মঙ্গলবার দেশটিতে বিদ্যুৎ ব্যবহার রেকর্ড ৭৮ হাজার ১০৬ মেগাওয়াটে পৌঁছায়। নিজেদের ঠান্ডা করতে মানুষ বিদ্যুৎ চালিত যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি করায় বিদ্যুতের চাহিদাও বেড়েছে। তাপমাত্রা বৃদ্ধির কারণে গত বছর ইরানে দুইদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন দেশে এখন অসহনীয় গরম, খরা ও বন্যা দেখা যাচ্ছে।
মাসুদুর রহমান 










