জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে মানুষ ও প্রকৃতি রক্ষার আহ্বান ও এ খাতে বিনিয়োগের প্রতিশ্রতি, জলবায়ু অর্থায়নে গুরুত্ব দিয়ে, আজারবাইজানের বাকুতে চলছে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কনফারেন্স অব পার্টিস (কপ)। এবার কপ এর ২৯ তম আসরে যোগ দিয়েছেন বিশ্বের উচ্চপদস্থ ব্যক্তি থেকে শুরু করে পরিবেশ-জলবায়ু সচেতন নানা বয়সী মানুষ। সম্মেলন শেষ হতে বাকী আর দু’দিন।

এখনো বিশ্ববাসীর জন্য আশা জাগানো বড় কোনো প্রতিশ্রুতি অথবা ঘোষণা আসেনি। ধনী দেশগুলো এবার জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা এবং জলবায়ু পরিবর্তনের বিপর্যয়ে পড়া দেশগুলোর জন্য ক্ষতিপূরণের সুস্পষ্ট রূপরেখা থেকে বেশ পিছিয়ে। তাই সম্মেলন হলের বাইরে প্রতিদিন প্রতিবাদ-বিক্ষোভ চলছে।

তরুণ-বয়স্ক সবাই অংশ নিচ্ছেন এসব প্রতিবাদী আয়োজনে। জীবাশ্ম জ্বালানি, গ্রিনহাউজ গ্যাসের কারণে সাম্প্রতিক বছরগুলো উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠছে। ইউরোপ-এশিয়া-আফ্রিকা তাপের কবলে সবাই। কোথাও জ্বলছে দাবানল।

তাপের সুবিশাল প্রবাহ যেন পৃথিবীকে গ্রাস করতে থাকা এক বিশাল অজগরের মতো! তাপপ্রবাহে ধুঁকতে থাকা বিশ্বের বার্তা দিলেন কয়েক প্রতিবাদী তরুণ। আগুনের লেলিহান শিখা আঁকা সাপ বানিয়ে তাপপ্রবাহের লকলকে জিভে পুরো বিশ্বের ছটফট করতে থাকার বার্তা দিলেন তারা।

সম্মেলন স্থলের আরেক কোণে জাতিসংঘের টেকসই উন্নয়ন পরিকল্পনার ব্যানারের সঙ্গে সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের বেহালদশা তুলে ধরছিলেন কয়েক বিক্ষোভকারী, ঠিক তাদের সামনে দাঁড়িয়ে সান্তা ক্লজ! নভেম্বর যাই যাই করছে, সামনে ক্রিসমাস বা বড়দিন, কিন্তু এই সান্তা এখনি এখানে কী করছেন?

বড়দিনে পশ্চিমা বিশ্ব মেতে ওঠে শপিংয়ে, দেদারসে চলে ভোগবাদে মানুষকে বুঁদ করে রাখার পায়তারা। জলবায়ু পরিবর্তনে মানুষের এই সর্বগ্রাসী ভোগবাদী চিন্তা একটি বড় কারণ। সচেতন এই সান্তা ক্লজ বিশ্ববাসীকে সচেতন হতে বলছেন, বলছেন টেকসই পৃথিবীর কথা। ‘সাসটেইনা ক্লজ’ নামের একটি পরিবেশবাদী সংগঠনের পক্ষে বাকুতে এসে হাজির এই সান্তা ক্লজ।
২০২৩ সালের রেকর্ড ভাঙা তাপমাত্রায় ভুগেছে বিশ্ব, ২০২৪ সালে ডুবেছে অতিবৃষ্টিজনিত বন্যায়। বাংলাদেশের ফেনীর ছাগলনাইয়া থেকে ইতালির ভ্যালেন্সিয়া, জলবায়ু পরিবর্তনে প্রকৃতির রুদ্ররূপ দেখেছে মানুষ। তাই অস্তিত্বের স্বার্থে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আশা, জলবায়ু অর্থায়ন ও ক্ষতিপূরণের প্রত্যাশা এখন সচেতন বিশ্বজনতার সম্মিলিত দাবি।
(আজারবাইজানের বাকুতে কপ ২৯ এ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে অংশ নিচ্ছেন ফাউন্ডেশনের এনভায়রনমেন্ট মিডিয়া কনটেন্ট স্পেশালিস্ট শাফরিনা খাতুন। শাফরিনার পাঠানো ছবিতে নাসিমুল শুভ’র লেখায় ছবিগল্প)
প্রকৃতি ও জীবন 










