প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ঘোষণা করেছেন, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারকে পুনর্বাসন এবং আহতদের চিকিৎসার সব খরচ সরকার বহন করবে। সরকার প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা প্রদান করবে এবং আহতদের জন্য দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থা করবে। ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠনের মাধ্যমে শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তাদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে। এদিকে, বিশ্বব্যাংকের মাধ্যমে ৫ মিলিয়ন মার্কিন ডলারের বরাদ্দ প্রস্তাব পাঠানো হয়েছে।
অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
ড. মুহম্মদ ইউনূস বলেন, গণ-অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে। একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী-শ্রমিক-জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখা-শোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টি শক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। এবং যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার।
তিনি আরও বলেন, এই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে গঠিত “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন” বেশ পাকাপোক্ত ভাবে তাদের কাজ শুরু করেছে। এই ফাউন্ডেশনে সরকার ১০০ কোটি টাকা অনুদান দিয়েছে। এছাড়াও জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্বব্যাংকে পাঠানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট 










