সরকার রাজধানীতে বিদ্যুতের লোড কমাতে এবং নবায়নযোগ্য গ্রিন এনার্জি নিশ্চিতে সব বাড়িতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পরিকল্পনা বাস্তবায়নে এ ক্ষেত্রে বেসরকারি খাতকে সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
জ্বালানিমন্ত্রী বলেছেন, ‘নেতৃত্বের অভাবে দেশে এখন পর্যন্ত ব্যাপকভাবে সোলার ব্যবস্থায় যাওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সোলার ও উইন্ড এনার্জিকে বিশেষ গুরুত্ব দিতে চায়। ঢাকা শহরের প্রত্যেকটা হাউসহোল্ডকে যদি আমরা এই সোলারের আওতায় নিয়ে আসতে পারি এবং বেসরকারি উদ্যোক্তাদের যদি (সুযোগ) দেই, তাহলে আমি মনে করি যে, ঢাকার যে লোডটা আছে, অনেক লোড কমে যাবে।’
আজ বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জাম বিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ কথা জানান।
সরকার সোলার থেকে পাওয়া বিদ্যুৎ আগামী ৫ বছরে ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় জানিয়ে তিনি পরামর্শ দেন, বেসরকারি খাত থেকে ঢাকা ও অন্যান্য শহরে রুফটপে সোলার বসানো যেতে পারে।
সরকারি উদ্যোগে এই পরিকল্পনা বাস্তবায়ন সফল হবে না বলে মনে করেন ইকবাল হাসান মাহমুদ। তিনি আরও জানান, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে চিন্তা করছে।
মন্ত্রী বলেন, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা তৈরি করতে সোলার পাওয়ারকে সহজলভ্য করা হবে। আগামী জুন মাসের মধ্যে সরকারি আদেশ জারির মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
প্রকৃতিবার্তা ডেস্ক 

















