২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে আগামীকাল সোমবার রাত ৮টা পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারী চিকিৎসকরা এ ঘোষণা দেন।
এরআগে, বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সভাকক্ষে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের প্রতিনিধি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সঙ্গে আলোচনায় বসেন সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
বৈঠক শেষে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ডাক্তাররা যে ৪ দফা দাবি দিয়েছেন সেগুলো যৌক্তিক। দ্রুত সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মানুষের সেবায় ডাক্তারদের যে অবদান বা তাদের পেশাদারিত্ব সেটি অন্যকিছু দিয়ে রিপ্লেসমেন্টের কোনো সুযোগ নেই।’
তিনি বলেন, ‘ডাক্তারদের ওপর যে হামলা হয়েছে সেটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের বিভিন্ন জায়গাতে এসব হামলা হয়েছে। যারা হামলার সঙ্গে জড়িত তাদের রাজনৈতিক দল-মত আদর্শের ঊর্ধ্বে ওঠে তাদের বিচারের আওতায় আনতে হবে। এদের পেশাদারিত্বের জায়গাটি যেন সবসময় নিরাপদ থাকে সেটি নিশ্চিত করতে হবে। কোনো কারণে যদি ডাক্তাররা তাদের কর্মস্থলে নিরাপদ বোধ না করেন তাহলে কোনোভাবে রোগীদের সুষ্ঠু সেবা দেওয়া সম্ভব নয়।’
গতকাল শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা।
ডেস্ক রিপোর্ট 










