জামিন নামঞ্জুর করে ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন-৬ এর কাজী শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।
জানা গেছে, বেলা সাড়ে ১১টায় চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কঠোর নিরাপত্তায় আদালতে তোলা হয়। শুনানি শেষে কাজী শরিফুল ইসলামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এর আগে সোমবার (২৫ নভেম্বর) বিকেল রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি হেফাজতে নেয়া হয়।
গ্রেফতারের পর ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বলেন, একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে গ্রফতার করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।
বিমানবন্দর সূত্র জানায়, চিন্ময় দাসকে গ্রেফতারের সময় তিনি শান্ত ছিলেন এবং ডিবি কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের বিরোধ করেননি।
ডিবি সূত্র জানায়, চিন্ময়ের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে বেশ কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডেস্ক রিপোর্ট 




















