চীনের মধ্য ও দক্ষিণাঞ্চলজুড়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট ব্যাপক বন্যায় এখন পর্যন্ত ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে, নিখোঁজ রয়েছে ২০ জন।
চীনে প্রাকৃতিক দুর্যোগ এবং চরম আবহাওয়ার ঘটনা অতি সাধারণ, বিশেষ করে গ্রীষ্মকালে দেশটির কিছু অঞ্চলে তীব্র বৃষ্টিপাত হয় এবং অন্য অঞ্চলগুলোতে ব্যাপক গরম পড়ে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিজিটিএন জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে চীনের বেশ কয়েকটি এলাকা রেকর্ড বৃষ্টিপাতের শিকার হয়েছে, যার ফলে স্কুল ও কর্ম প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া বুধবার জানিয়েছে, চীনের দুর্গম মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও ১১ জন নিখোঁজ রয়েছেন।
সিনহুয়ার আগের দিনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, একটি প্রাদেশিক কাউন্টিতে ৬১ হাজারের বেশি মানুষ এই প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সিনহুয়া আরও জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংজি প্রদেশে শনিবার সন্ধ্যায় একটি ট্রাক নদী পার হওয়ার সময় ফুলে ওঠা নদীতে পড়ে গেলে ১০ জন নিহত হন।
নিকটবর্তী গুইঝৌ প্রদেশও প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত হয়েছে, এতে চারজনের মৃত্যু এবং আরও পাঁচজন নিখোঁজ হন। আরও উত্তরে মধ্য হুবেই প্রদেশে, মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় তিনজনের মৃত্যু ও চারজন নিখোঁজের খবর পাওয়া গেছে। এই বন্যায় কিছু স্থাপনা ধসে পড়েছে এবং কয়েকটি গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ।
সিনহুয়া জানিয়েছে, সরকারি কর্তৃপক্ষ মঙ্গলবার পাঁচটি ক্ষতিগ্রস্ত অঞ্চলের জন্য দুর্যোগ ত্রাণ তহবিল হিসেবে ১২ কোটি ইউয়ান (১.৭৬ কোটি মার্কিন ডলার) বরাদ্দ করেছে। সিনহুয়া জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের বরাত দিয়ে জানিয়েছে, গুইঝৌ প্রদেশের জন্য অতিরিক্ত ৩ কোটি ইউয়ানও বরাদ্দ করা হয়েছে, যেখানে ব্যাপক হতাহত ও সম্পদের ক্ষতি হয়েছে।
এএফপির হিসাব অনুযায়ী, হুনান, গুইঝৌ এবং হুবেইজুড়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ২৪ হাজার মানুষকে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দিনগুলোতে একটানা বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলে।
প্রকৃতিবার্তা ডেস্ক 



















