আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে কথা বলেছেন। ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরপরই ট্রাম্পকে অভিনন্দন জানান মোদি। এরপর গতকাল সোমবার তাদের ফোনালাপ হয়েছে। ফোনালাপের পর ট্রাম্প জানিয়েছেন ফেব্রুয়ারিতে মোদি সম্ভবত আমেরিকা সফরে আসবেন। এছাড়াও দুই নেতার ফোনালাপে আমেরিকায় ভারতীয় অভিবাসী প্রসঙ্গ, চীনকে মোকাবেলা, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তা, প্রতিরক্ষা এবং আঞ্চলিক কূটনীতিতে ভারত-আমেরিকার দ্বৈতস্বার্থ বিষয়ে আলোচনা হয়েছে।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। হোয়াইট হাউসের বিবৃতির বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্প বলেন, ‘আজ (সোমবার) সকালে তার (মোদির) সাথে আমার দীর্ঘ আলাপ হয়েছে। আগামী মাসে, সম্ভবত ফেব্রুয়ারিতে তিনি হোয়াইট হাউসে আসবেন। ভারতের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক রয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন যে আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদি “যা সঠিক তা-ই করবেন”। গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে এক বৈঠকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও “অবৈধ অভিবাসন সম্পর্কিত উদ্বেগগুলি সমাধান করার” উপর জোর দিয়েছিলেন।
ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা জানিয়ে মোদি এক্সে লেখেন,‘আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। তার ঐতিহাসিক দ্বিতীয় মেয়াদের জন্য তাকে অভিনন্দন। আমরা পারস্পরিক উপকারী এবং বিশ্বস্ত অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জনগণের কল্যাণ এবং বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য আমরা একসঙ্গে কাজ করব।’
এদিকে গত ২০ জানুয়ারি ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। প্রশ্ন উঠেছিল, কেন ‘বন্ধু’ ট্রাম্পের শপথে নেই মোদি? এবার ফেব্রুয়ারিতে সফর করবেন এই সংবাদে ধোঁয়াশা কিছুটা দূর হলো।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















