সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একইসঙ্গে নদী অববাহিকার উত্তরবঙ্গ, সিলেট ও উপকূলীয় এলাকায় তাপমাত্রা নামতে শুরু করেছে, কুয়াশাও দেখা যাচ্ছে। পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে কুয়াশা আরও বাড়তে পারে। রোববার (১৭ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি ঢাকায় শীত পুরোপুরি জেঁকে বসতে পারে। এর আগ পর্যন্ত স্বাভাবিকভাবেই তাপমাত্রা কমে আসার কারণে শীত অনুভূত হবে। নভেম্বরের মাঝামাঝি থেকে ঢাকায় কিছুটা শীত অনুভূত হতে শুরু করেছে এবং ডিসেম্বরের শুরু থেকে তাপমাত্রা কমে মাঝামাঝি সময়ে পুরোপুরি জেঁকে বসতে পারে।
আবহাওয়া অফিস বলছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ ঢাকায় শীতের প্রকৃত অনুভূতি শুরু হতে পারে। আর জানুয়ারির মাঝামাঝি সময়ে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে রোববার সকাল ৬টায় চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা আর বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই। পঞ্চগড়, কুড়িগ্রামে তাপমাত্রা ১৬ ডিগ্রির আশপাশে। ধীরে ধীরে সারা দেশে জেঁকে বসছে শীত।
ডেস্ক রিপোর্ট 










